সিসি নিউজ: কেন্দ্র দখল, সহিংসতার, ভোট দানে বাধা ও বিএনপির প্রার্থীদের পোলিং এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অভিযোগের মধ্যে দলীয় প্রতীকে দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল জয়ের পথে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
মঙ্গলবার প্রথম দফায় অনুষ্ঠিত ৭১২টি ইউপি নির্বাচনের মধ্য এখন পর্যন্ত ৬০০টির বেসরকারি ফল পাওয়া গেছে। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৪৫৫টি, বিএনপি ৪৩টি ও অন্যান্যরা ১০২টিতে জয়ী হয়েছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সহিংসতায় পিরোজপুরে ৫, কক্সবাজারে ২, নেত্রকোনা ও ঝালকাঠিতে ২ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
অনিয়ম ও সহিংসতার কারণে ৫৬ টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীবউদ্দিন আহমদ।
কয়েক ডজন ইউপিতে নির্বাচন বর্জন করেছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা।
‘আওয়ামী সন্ত্রাসীরা’ ভোট কেন্দ্র দখল করেছে অভিযোগ করে বিএনপি ৫০টি ইউপিতে পুনর্নির্বাচন দাবি করেছে। তবে আওয়ামী লীগ বলেছে, এরকম শান্তিপূর্ণ নির্বাচন আগে কখনো হয়নি।