রংপুর: সহপাঠীর যৌন হয়রানীর প্রতিবাদ করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তিন শিক্ষার্থীকে মারধর করেছে স্থানীয় বখাটেরা। এতে সাব্বির, আরিফ ও সোহাগ নামের তিন শিক্ষার্থী আহত হন। আহতের মধ্যে সাব্বিরের আঘাত গুরুত্বর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ক্যাম্পাসের মসজিদ সংলগ্ন মাঠে বাংলা বিভাগের দুটি ব্যাচের খেলা চলাকালীন স্থানীয় কয়েকজন যুবক এক ছাত্রীকে উত্যক্ত করে। ঘটনার প্রতিবাদ করলে তাদের সাথে সাব্বির নামের ওই শিক্ষার্থীর বাকবিতন্ডা হয়। পরে চা খেতে পার্ক মোড়ে গেলে ওঁত পেতে থাকা বখাটেরা সাব্বিরসহ আরও দুই শিক্ষার্থীকে বেধরক পেটায়। ঘটনাপর প্রতিবাদে তাৎক্ষণিক ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় সকল ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এর কিছুক্ষণ পর ঘটনার সাথে জড়িত সন্দেহে স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করে কোতোয়ালী থানায় সোপর্দ করে পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুর রহমান এ ঘটানার তীব্র নিন্দা প্রকাশ করে বলেন, অপরাধী যেই হোক তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাড় করা হবে। বর্তমানে ক্যাম্পাসের অবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।