চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দরে আগামী ৭ মে অনুষ্ঠিতব্য পুনট্রি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লংঘন করে মনোনয়নপত্র জমা দেয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বুধবার দুপুর ২ টায় উপজেলার পুনট্রি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কামাল হোসেন নির্বাচনী আচরণ বিধি লংঘন করে বাস,ট্রাক,পিকআপ,টেম্পু,মাইক্রোবাসসহ ২ শতাধিক মোটর সাইকেল বহরে আনুমানিক ২ হাজার লোকজন নিয়ে মিছিল সহকারে এসে পুরাতন ভূমি অফিসে জড়ো হয়ে রিটার্নিং অফিসার ও সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেয়।প্রার্থী কামাল হোসেন জানান, বিশাল শো-ডাউন সহকারে মনোনয়ন জমা দিয়েছি। পুনট্টি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন শাহ্ জানান, স্থানীয় লোকজন নিজে থেকে এসেছে। রিটার্নিং অফিসার ও সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, শো-ডাউন মিছিল করায় নির্বাচনী আচরণবিধি লংঘিত হয়েছে। কাজের চাপ থাকায় বাইরে কি ঘটেছে তা জানতে পারিনি। উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা আক্তার জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে নির্বাচনী বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।