পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে এক কিশোরীকে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ এবং ভিডিও চিত্র ধারণ করে বাজারে ছড়িয়ে দেয়ার অভিযোগ মামলা হয়েছে। পার্বতীপুর মডেল থানায় নারী ও শিশু নিযার্তন দমন এবং তথ্য প্রযুক্তি আইনে এ মামলা হয়েছে পরিতোষ চন্দ্র পাল (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। পরিতোষ পাল দিনাজপুরের কাহারোল উপজেলার সুলতানপুর পালপাড়া গ্রামের অনিল পালের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে,রংপুরের সদর উপজেলার দক্ষিণ মমিনপুর পাল পাড়া গ্রামের বাবলু চন্দ্র পালের নিকটাত্মীয় শালিকা এক কিশোরী (১৬) প্রায় আড়াই বছর ধরে পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বয়লার প্লান্ট অপারেটর (সি) প্রকাশ কুমার আচার্য্যরে বাসায় গৃহকর্মীর কাজ করতো।গত ১৫ মার্চ সকাল ১১টার দিকে গৃহকর্তা ও তার স্ত্রী কর্মস্থলে থাকায় সুযোগ বুঝে বাবলু চন্দ্র পালের খালাত ভাই পরিতোষ চন্দ্র পাল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকায় গৃহকর্তার ফাঁকা বাড়িতে ঢুকে মেয়েটিকে বিয়ের প্রলোভনে ফেলে জোরপূর্বক ধর্ষণ ও মোবাইল ফোনে নগ্ন ভিডিও চিত্র ধারণ করে। পরে অশ্লীল ভিডিওটি বড়পুকুরিয়া বাজার এলাকার বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোন ও কম্পিউটারে ছড়িয়ে দেয়।
এঘটনা জানতে পেরে কিশোরীর দুলাভাই বাবলু চন্দ্র পাল বাদী হয়ে গত মঙ্গলবার রাতে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
গৃহকর্তা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বয়লার প্লান্ট অপারেটর (সি) প্রকাশ কুমার আচার্য্য বলেন, ঘটনার দিন আমরা স্বামী-স্ত্রী কর্মস্থলে থাকায় এব্যাপারে কিছুই জানতে পারিনি। তবে কিশোরীর দুলাভাই বিয়ে দেয়ার কথা বলে গত সোমবার তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকে আস্তে আস্তে এ ঘটনা সম্পর্কে জানতে পারি।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।