সিসি নিউজ: দেশের প্রতিটি জেলায় চালু হচ্ছে বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও কেন্দ্রীয় পরীক্ষাগারের (বিএসটিআই) অফিস। জনস্বাস্থ্য নিশ্চিত এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও স্বাভাবিকভাবে গড়ে তুলতে জেলা পর্যায়ে বিএসটিআইয়ের অফিসিয়াল কার্যক্রাম চালুর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অুনষ্ঠিত সরকারি হিসাব সম্পকির্তত সংসদীয় স্থায়ী কমিটির ২৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটি সভাপতি শওকত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, মো. নূরুল ইসলাম সুজন, আব্দুর রউফ এবং অ্যাডভোকেট নাভানা আক্তার অংশ নেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি শওকত আলী বলেন, আমাদের দেশে মান নিয়ন্ত্রণ ও কেন্দ্রীয় পরীক্ষাগারের কার্যক্রম সীমিত। ফলে জনস্বাস্থ্য হুমকির মুখে। এজন্য প্রতিটি জেলায় বিএসটিআয়ের কার্যক্রম শুরুর সুপারিশ করা হয়েছে।
জানা গেছে, বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অধীন বিএসটিআইয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।
বৈঠকে বিএসটিআইয়ের নিজস্ব তত্ত্বাবধানে পণ্যের ভেজাল রোধে মোবাইল কোর্ট পরিচালনায় প্রয়োজনীয় আইনগত ও কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করেছে কমিটি। এছাড়াও কমিটি বিএসটিআইয়ের অডিট আপত্তিসমূহ দ্রুত নিস্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করে।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব, বিএসটিআয়ের মহাপরিচালক উপস্থিত ছিলেন।