চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা পরিষদের ২ কোটি ১৭ লক্ষ ২২ হাজার ৩ শত ৭৬ টাকা ৭০ পয়সা পরস্পরের যোগসাজসে আত্মসাত করায় মামলা দায়ের করা হয়েছে। গত ১৭ এপ্রিল মঙ্গলবার উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন মোল্লা বাদী হয়ে চিরিরবন্দর থানায় মামলাটি দায়ের করেন।
নির্ভর যোগ্যসূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু হান্নান মোঃ সাদেক ও সাবেক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান এবং চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দিলীপ কুমার রায়, অফিস সহায়ক সুফিয়া আকতার (বর্তমানে হাকিমপুরে কর্মরত) , স্বপন কুমার দাস ও নিরাপত্তা প্রহরী জগবন্ধু দত্তের বিরুদ্ধে পরস্পর যোগসাজসে হাট-বাজার ইজারা তহবিল, উপজেলা রাজস্ব তহবিল, ভূমি হস্তান্তর কর ১%, ভ্যাট, হাট উন্নয়ন কর ও এল.আর খাতে ২ কোটি ১৭ লক্ষ ২২ হাজার ৩ শত ৭৬ টাকা ৭০ পয়সা আত্মসাত করার অভিযোগে উপজেলা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক মামলা দায়ের করা হয়।
উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন মোল্লা জানান, উপজেলা পরিষদের পক্ষে থানায় এজাহার দেয়া হয়েছে।
অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, এজাহার পাওয়া গেছে, আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ মাহমুদ জানান, যাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক সত্যতা পাওয়া গেছে। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আত্মসাত কৃত অর্থ ফেরতের জন্য গত ৩ মার্চ তাদের বরাবরে চিঠি দেয়া হয়েছে।
উল্লেখ্য, উক্ত টাকা আত্মসাতের অভিযোগ প্রমানিত হওয়ায় দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলমের অফিস আদেশের প্রেক্ষিতে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দিলীপ কুমার রায়, অফিস সহায়ক সুফিয়া আকতার (বর্তমানে হাকিমপুরে কর্মরত) ও নিরাপত্তা প্রহরী জগবন্ধু দত্তের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও সরকারী কর্মচারী (শৃংখলা আপিল) বিধিমালা ১৯৮৫ এর ১১ (১) উপবিধি মোতাবেক সাময়িক বরখাস্ত করা হয়েছে।