
কুষ্টিয়া: জেলার ভেড়ামারায় পূর্ব শত্রুতার জের ধরে মজিবর রহমান (৬৮) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এ সময় বড় ভাইকে বাঁচাতে এগিয়ে আসলে ছোট ভাই মিজানুর রহমানকেও কুপিয়ে আহত করে তারা।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার ফকিরাবাদ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মজিবর রহমান ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক। তারা দু’ভাই স্থানীয় বিএনপির সমর্থক বলে জানা গেছে। এ ঘটনার পর পরই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, রাত ৯টার দিকে ফকিরাবাদ রনি জামে মসজিদে এশার নামাজ শেষ দু’ভাই বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে একদল দুবৃর্ত্ত ধারালো অস্ত্র নিয়ে দু’ভাইকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই নিহত হয় বড় ভাই মজিবর রহমান।
তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আহত মিজানুর রহমানকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রাজাশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন আহত মিজানুরের অবস্থা আশংকাজনক।
ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ নূর হোসেন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরেই দু’জনকে কোপানো হয়েছে।
নিহতদের স্বজনরা জানিয়েছেন, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে অংশ নিয়েছিলেন ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক উক্ত মজিবর রহমান ও তার ছোট ভাই মিজানুর রহমান। এই কারণেই তাদের হত্যা করা হতে পারে বলে পরিবারের ধারণা।