• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন |

নির্বাচন তুলনামূলক ভালো হচ্ছে-ইসি

Dinajpur-Picসিসি ডেস্ক: চতুর্থ ধাপের ৭০৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগ ও সহিংসতা অব্যাহত রয়েছে। নোয়াখালী, লক্ষ্মীপুর, জামালপুর, কুমিল্লা, চট্টগ্রামসহ অনেক এলাকায় গোলযোগ হয়েছে। এমনকি কুমিল্লা ও নরসিংদীতে মারা গেছে দুইজন। অনিয়ম ও গোলযোগের মধ্যে চলমান চতুর্থ ধাপের ইউপি নির্বাচন তুলনামূলক ভালো হচ্ছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন কমিশনার আবু হাফিজ। প্রথম চার ঘণ্টার পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে নির্বাচন কমিশনার এমন দাবি করেন।

ভোটগ্রহণ শুরুর চার ঘণ্টা পর পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকার শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন বৈঠকে বসে। মাঠ পর্যায় থেকে ততক্ষণে অন্তত এক ডজন কেন্দ্রে ভোট বন্ধের তথ্য আসে। এসব স্থানে ব্যালট পেপার ছিনতাই এবং কেন্দ্রের বাইরে গোলযোগের খবরও জানানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার ক্ষোভ প্রকাশ করে বলেন, চট্টগ্রামের হাটহাজারী এলাকায় ইতোমধ্যে সাতটি কেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে। আরো অভিযোগ আসছে। খুব খারাপ অবস্থা। দখল করে নেওয়ার অভিযোগ কোনোভাবে মেনে নেওয়া হবে না।

তবে কমিশনার আবু হাফিজ বলেন, আরো চার ঘণ্টা ভোটের সময় রয়েছে। আমরা চেয়েছিলাম, অনিয়মের কোনো অভিযোগ যাতে না উঠে, একটি কেন্দ্রও যাতে ভোট বন্ধ করতে না হয়। অথচ তা ঘটছে কিছু এলাকায়।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, বরাবরই ইউপি নির্বাচনে প্রার্থী-সমর্থকদের মধ্যে কিছুটা গোলযোগ হয়ে থাকে। এ ধাপে অপেক্ষাকৃত কম হচ্ছে।

যেখানে প্রভাব খাটানোর অভিযোগ আসছে সেখানেই ভোট বন্ধ করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে গোলযোগপূর্ণ কেন্দ্রগুলোর বিষয়ে ইসি সিদ্ধান্ত দেবে।

চার ঘণ্টার ভোটচিত্রে জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ-জানিপপ চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, কমিশন এখন নড়েচড়ে বসলেও আমাদের উদ্বেগটা হচ্ছে সহিংসতা নিয়ে।

ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। এ জন্য সহিংসতা যাতে না হয়, ইসি ও আইন শৃঙ্খলাবাহিনীকে তা নিশ্চিত করতে হবে।

এ নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দাবি করলেও বিএনপি বলছে, ভোটের নামে প্রহসন হচ্ছে।

ইতোমধ্যে তিন ধাপের ভোট শেষ হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৭০ জনেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ