সিসি নিউজ: চুয়াডাঙ্গার দর্শনায় উদ্ভিদ সংগ নিরোধ ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স জয় ইন্টারন্যাশনালের মালিকসহ বিভিন্ন দুর্নীতি মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পৃথক অভিযানে গত দুই দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অন্য সাতজন হলেন, নোয়াখালীর মাইজদিকোর্ট উপজেলার হরিনারায়ণপুর গ্রামের এ কে এম সাইফুদ্দিন তরুণ, যশোরের নাভারনে অবস্থিত জাপান বাংলাদেশ কালচার এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর সনৎ কুমার ভাস্কর, একই প্রতিষ্ঠানের হিসাবরক্ষক মো. শরীফুল ইসলাম, ঠিকাদার মো. জালাউদ্দীন, ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ মৌরাইলের বাসিন্দা মো. শরীফ আহমেদ ও তার ভাই সাইফ উদ্দিন আহমেদ এবং মানিকগঞ্জের আন্দারমানিক গ্রামের বাসিন্দা সুধীর কুমার মণ্ডল।
দুদক সূত্র জানায়, বিদেশ থেকে আসা কৃষিজাত পণ্যের মান ও রোগ-বালাই যাচাইয়ের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্ল্যান্ট প্রোটেকশন উইং চুয়াডাঙ্গার দর্শনায় উদ্ভিদ সংগ নিরোধ ভবন নির্মাণের উদ্যোগ নেয়। সেখানে সরকারের নিজস্ব অর্থায়নে ২ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ২২৭ টাকা ব্যয়ে ভবন নির্মাণের দায়িত্ব পায় জয় ইন্টারন্যাশনাল। কিন্তু নির্মাণাধীন ওই ভবনের লুপ ঢালাইয়ে রড না দিয়ে কাটা বাঁশ (কাবারি বা চটা) এবং খোয়ার পরিবর্তে পরিত্যক্ত সুরকিসহ নিম্ন মানের উপকরণ ব্যবহার করে সমুদয় টাকা আত্মসাৎ করা হয়েছে বলে প্রমাণ পায় দুদক।
প্রাথমিক প্রমাণের ভিত্তিতে গত ১১ এপ্রিল কুষ্টিয়ার দামুড়হুদা থানায় একটি মামলা (নং-১৩) দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে গত ৬ মে ঢাকা থেকে মনি সিংহকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ঢাকা, নোয়াখালী ও যশোর থেকে বিভিন্ন দুর্নীতি মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করা হয়।