সাভার: সাভারের হেমায়েতপুরে একটি ডেইরিফার্ম থেকে তিন ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ভারী বর্ষণের সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও এলাকাবাসী।
শনিবার দুপুরে হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন প্রান্ত ডেইরি ফার্মের একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
নিহতরা হলেন; প্রান্ত ডেইরি ফার্মের কর্মচারী জিয়াউর রহমানের দুই ছেলে জীবন (১৯) ও নাছির (১৬) ও তার ভাগ্নে শাহাদাৎ (১৪)। নিহত তিনজনই হেমায়েতপুর এলাকার একটি সিএনজি অটোরিকশার গ্যারেজে কাজ করতেন। তাদের বাড়ি নীলফামারী জেলায়।
নিহত জীবন ও নাছিরের বাবা জিয়াউর জানান, শুক্রবার কাজ শেষে তিন ভাই মিলে ফার্মের একটি রুমের জানালা খোলা রেখে ঘুমায়। সকালে ঘুম থেকে না উঠায় ডাকাডাকি করি। কিন্তু কোন শব্দ পাওয়া না গেলে দরজা ভেঙে তিন ভাইয়ের মরদেহ দেখতে পাই। তবে দুই ছেলে ও ভাতিজার মৃত্যুর কারণ নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
সংবাদ পেয়ে দুপুরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেল শেখ বলেন, নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কক্ষটির দরজাও ভেতর থেকে বন্ধ ছিল। হতে পারে বজ্রপাতে তাদের মৃত্য হয়েছে। তবে সেটি নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।