ঢাকা: মিরপুরের ক্যাম্পগুলোর বাইরে অবৈধভাবে বসবাসরত বিহারিদের উচ্ছেদে স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। এই আদেশের ফলে বিহারিরা যে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে বিহারিদের পক্ষে শুনানি করেন এ এফ এম হাসান আরিফ ও অ্যাডভোকেট হাফিজুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত ২৯ মার্চ বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ অবৈধভাবে বসবাসরত বিহারিদের উচ্ছেদের রায় দেন।
একই সঙ্গে ক্যাম্পের ভেতরে বসবাসকারী জাতীয় পরিচয়পত্রধারী বিহারিদের পুনর্বাসনেরও নির্দেশ দেওয়া হয়।
পরে এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন মিরপুরের বিহারিরা।
এর আগে ২০০২ সালের ৫ ফেব্রুয়ারি পল্লবীর ক্যাম্পগুলো আশপাশের বিহারিদের দোকানপাট উচ্ছেদের উদ্যোগ নেয় ঢাকা সিটি করপোরেশন।
এর বিরুদ্ধে ‘উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট’র সভাপতি সাদাকাত খান (ফাক্কু) ও শাহিদ আলী বাবলু ক্যাম্পগুলো উচ্ছেদের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করেন। বিকল্প ব্যবস্থা না করে এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পল্লবী থানার অন্তর্ভুক্ত ক্যাম্পবাসীদের উচ্ছেদ না করতে অন্তবর্তীকালীন নির্দেশ দেন হাইকোর্ট ।