সিসি নিউজ: নীলফামারীর জলঢাকা উপজেলায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা সেলফ্- হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম শার্প’র উদ্যোগ শার্প ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল খামারের উদ্বোধন করা হয়। উপজেলার টেংগনমারী মীরগঞ্জ সড়কের পাশে গত শনিবার (২১ মে) দুপুরে ওই খামারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিকেএসএফ মহা-ব্যবস্থাপক (কার্যক্রম) এ. কিউ. এম গোলাম মাওলা, পিকেএসএফ’র উপ-মহাব্যবস্থাপক (প্রাণিসম্পদ) ড. শরীফ আহমেদ চৌধুরী, নীলফামারী জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. শাহ্ জালাল খন্দকার এবং জলঢাকা খুঁটামারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুল হক কবিরাজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী।
প্রধান অতিথি ড. জসীম উদ্দিন বলেন, এই ব্ল্যাকবেঙ্গল ছাগল খামারের মাধ্যমে ওই এলাকার মানুষ ছাগল পালনে উদ্বুদ্ধ হবে এবং ছাগল উৎপাদনে যুগান্তকারী বিপ্লব ঘটাবে। এখানকার ছাগলের মাংস যেন বিদেশে রপ্তানী করা যায় সেই স্বপ্নের কথা বলেন তিনি।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী প্রধান মো. মাহবুব-উল আলম। তিনি তাঁর বক্তব্যে জলঢাকায় শার্প সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমসমূহ তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন শার্প’র সহকারী পরিচালক মোঃ রবিউল করিম।
অনুষ্ঠানের সভাপতি বক্তব্যে জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলী খামারে ছাগল পালন করে এলাকার মানুষের দারিদ্র্যতা দূর হবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানস্থলে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা শার্প’র বিভিন্ন কর্মসূচির মাঠ পর্যায়ের কার্যক্রম ১৮ টি স্টলের মাধ্যমে প্রদর্শন করা হয়।
সমাবেশ শেষে অতিথিরা “শার্প- ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল খামারের” নামফলক উন্মোচন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খামার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে শার্প’র সর্বস্তরের কর্মী এবং প্রায় ১ হাজার ৫শ’ উপকারভোগী সদস্য উপস্থিত ছিলেন।