সিসি নিউজ: নারায়নগঞ্জের পিয়ার লতিফ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শ্যামল কুমার ভক্তকে মারপিট ও কান ধরিয়ে লাঞ্চিত করার প্রতিবাদে ও দোষিদের শাস্তির দাবিতে দিনাজপুরের খানসামায় মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
আজ বুধবার সকাল ১১টার দিকে খানসামা শিক্ষক সমাজের ব্যানারে উপজেলা পরিষদের প্রধান ফটকে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশ গ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে সেখানে খানসামা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শিবায়ন গোস্বামীর সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন ছাতিয়নগড় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাবু মনোরঞ্জন রায়, খানসামা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, পশ্চিম বাশুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, খানসামা ডিগ্রী কলেজের সহযোগি অধ্যাপক মো. শওকত আলী ও সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন মিয়া প্রমুখ।