গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দেবেশ চন্দ্র প্রামাণিক (৫৮) নামে এক জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মহিমাগঞ্জ বাজারমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেবেশ চন্দ্র প্রামাণিক ওই এলাকার মৃত জোগেশ চন্দ্র প্রামাণিকের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, সকালে মহিমাগঞ্জ বাজার মোড় এলাকার নিজ জুতার দোকানে বসেছিলেন দেবেশ চন্দ্র। এ সময় ৩-৪ জন যুবক দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে নেপেন চন্দ্র দাস (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশ। কয়েকদিন আগে দেবেশের জুতার দোকানে চুরির চেষ্টা করে কয়েকজন যুবক। এ সময় তাদের ধরে ফেললে তারা বিষয়টি অস্বীকার করে দেবেশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। ধারণা করা হয়ে এরই জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানান ওসি।