সাভার: আশুলিয়ার নরসিহপুর এলাকার দুইতলা বাড়ির একটি কক্ষ থেকে দুই তরুণীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ওই দুই তরুণীর নাম কবিতা ও স্মৃতি বলে জানা গেছে। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তবে জানা গেছে, এদের একজনের বাড়ি সিলেট ও অারেকজনের বাড়ি ঠাকুরগাঁও।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নরসিহপুর এলাকার শারমীন গ্রুপের পোশাক কারখানার বিপরীত পাশে অবস্থিত বিপ্লবের বাড়ির একটি কক্ষ থেকে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ওই দুই তরুণীর মরদেহ একই ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। তাই বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।