অর্থ-বাণিজ্য ডেস্ক: অ্যালুমিনিয়াম ফয়েল নট ব্যাক্ট, পিভিসি ফিল্ম ইন রোল এবং প্লাস্টিক পলিমাইডস নিলন ফিল্ম আমদানিতে শুল্কহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)।
বৃহস্পতিবার বিকেলে বিপিজিএমইএ’র নেতারা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করে এ দাবি জানান।
বিপিজিএমইএ সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, উক্ত কাঁচামালগুলোর সংমিশ্রণে এলু এলু বাটম ফয়েল তৈরির মাধ্যমে মেডিসিন প্যাকিং এর সুরক্ষা ও নিরাপত্তার জন্য খুবই প্রয়োজন। এসব কাঁচামাল আমদানি করে চাহিদা মেটানো হয়।
তিনি আরো বলেন, এসব কাঁচামাল ব্যবহার করে এলু এলু বটম ফয়েল তৈরিতে সক্ষম শিল্প-কারখানা গড়ে উঠেছে। পণ্যটি তৈরিতে বর্তমানে আমদানি বিকল্প হিসেবে স্বীকৃতি পেয়েছে। কাজেই উক্ত কাঁচামালগুলো আমদানি শুল্ক ৫ শতাংশ ধার্য করা হলে বর্তমান সরকারের নীতি ও পরিকল্পনা অনুযায়ী দেশীয় শিল্প সুরক্ষা পাবে। দেশে-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে। নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে।