সিসি নিউজ: ঢাকা-চট্টগ্রাম রুটে রেলের সর্বাধুনিক বিলাসবহুল ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এর মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়েতে আরও একটি ট্রেন যুক্ত হলো। সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটিতে ১৬টি যাত্রীবাহী বগি রয়েছে। এতে শীতাতপ নিয়ন্ত্রিত কোচের পাশাপাশি শীতাতপহীন কোচও রয়েছে। তবে এ ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত কোচের সংখ্যাই বেশি।
ট্রেনটির প্রতিটি আসন করা হয়েছে পর্যাপ্ত জায়গা নিয়ে। শোভন থেকে শুরু করে স্লিপিং প্রতিটি আসনে যাত্রীরা যাতে আরামে বসতে পারেন সেজন্য এক আসন থেকে আরেক আসনে যথেষ্ট ফাঁকা জায়গা রাখা হয়েছে।
সোনার বাংলা এক্সপ্রেস প্রতিদিন সকাল ৭টায় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে বেলা ১২টা ৪০ মিনিটে। একই ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়বে বিকাল ৫টায়। ঢাকা পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে।
স্টেশন থেকে ছাড়ার পর ঘণ্টায় ৭২ কিলোমিটার গতি তোলার সময়ও যাত্রীরা টের পাবেন না। এছাড়া ট্রেনের ভেতরে নিরাপত্তা সংক্রান্ত সব ডিভাইস রয়েছে। রাখা হয়েছে ডিজিটাল অ্যালার্ম ব্যবস্থা। ট্রেনের পেছন থেকে একেবারে ইঞ্জিন পর্যন্ত যাত্রীরা অনায়াসে যাতায়াত করতে পারবে।