দিনাজপুর প্রতিনিধি: জঙ্গীবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িক ও গনতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্যের দাবীতে দিনাজপুরে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) দিনাজপুর জেলা কমিটি।
শনিবার (১৬ জুলাই) সুশাসনের জন্য নাগরিক (সুজন) দিনাজপুর জেলা কমিটির আয়োজনে সকাল ১১টায় দিনাজপুর বড় ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন চলাকালিন সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা তথাকথিত ধর্ম ব্যবসায়ীদের জালে ফেঁসে যাওয়া এদেশের বিপথগামী তরুন সমাজকে রক্ষায় সম্মিলিত ্উদ্যোগের পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান। ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার জন্য দেশ-বিদেশের নামীদামী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিলেই কেবল অভিাবকদের দায়িত্ব ও কর্তব্য শেষ হয়ে যায় না। উচ্চ শিক্ষার জন্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের উপর সব সময় নজর রাখতে হবে, তারা কখন কোথায় কি করছে,কার সাথে মিশছে এবং সঠিক পথে চলছে কিনা তাহলেই কেবল ভালো সন্তানের গর্বিত পিতা-মাতা হওয়া সম্ভব হবে।
মানববন্ধন থেকে অবিলম্বে জঙ্গিবাদী অপতৎপরতা কঠোর হাতে দমনের আহবানসহ ৭ দফা বাস্তবায়নের দাবী জানানো হয়। সুজন দিনাজপুর জেলা কমিটির সভাপতি মোঃ বেলাল উদ্দীন শিকদার রুবেলের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির উপদেষ্টা ডাঃ মুহম্মদ শহীদুল্লাহ, মোঃ শাহাদৎ হোসেন, সম্পাদক মোঃ লোকমান হাকিম, সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান, যুগ্ম-সম্পাদক মোঃ রাহিজুর ইসলাম, রোভার স্কাউট সুদীপ্ত রায় প্রমূখ।