ঢাকা: নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, জঙ্গিদের যারা সাহায্য করে তারা শুধু জাতীয় শত্রুই নয়, বেঈমান বলেও চিহ্নিত হবে। এই বেঈমানদের বাংলার মাটিতে ঠাঁই হবে না। যারা জঙ্গিবাদের সঙ্গে হাত মিলিয়ে টাকা এবং অস্ত্র দিয়ে জঙ্গিদের সাহায্য করে তারা জাতীয় শত্রু।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ও বাংলাদেশ মহিলা আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত জঙ্গি ও সাম্রাজ্যবাদ নির্মূলে অর্থ ও মদদদাতাদের গ্রেফতার এবং বিচারের দাবিতে ও জঙ্গিবাদ, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে পৃথক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, জঙ্গিবাদ এবং সন্ত্রাস বাংলাদেশে মানুষের উপর এখন বিষ ফোঁড়া। কেটে ফেলে দিলে বিষ ফোড়াঁ বেশি দিন থাকে না। এ জন্য একজন ভাল ডাক্তার দরকার।
তিনি বলেন, শাহ মোয়াজ্জেম ও হান্নান শাহ এ দু’জন কল্যাণপুরের নিহত জঙ্গিদের নিয়ে কথা তুলেছেন। তারা প্রশ্ন রেখেছেন ‘ ওই নিহত ব্যক্তিরা আদৌ জঙ্গি কিনা’। তারা তো প্রশ্ন তুলবেন। কেননা শাহ মোয়াজ্জেম ও হান্নান শাহরা জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকেন। তারা মদদ দেন এবং লালন পালন করেন। শাহ মোয়াজ্জেম সাহেবরা জনতার রুদ্ররোষ দেখেননি। তারা জনতার রুদ্ররোষে পুরে ছাড়খার হয়ে যাবেন।
নৌমন্ত্রী বলেন, জাতীয় ঐক্য বলে বিএনপি চিৎকার করছে। জাতীয় ঐক্য জঙ্গিদের বিরুদ্ধে ইতোমধ্যে হয়ে গেছে। বিএনপি একদিকে জঙ্গিদের লালন পালন করছেন। অন্যদিকে ঐক্যের কথা বলছেন। এটা ভাঁওতাবাজি ছাড়া আর কিছু নয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি শাহানা বেগম, সাধারণ সম্পাদক শাহেদা খানম, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।