যশোর: নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের তিন নেতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার বিকেলে যশোর পুলিশ লাইন্সে পুলিশ সুপার আনিছুর রহমানের কাছে তারা আত্মসমর্পণ করেন।
হিজবুত তাহরীরের বিপুল সংখ্যক বিভিন্ন ধরনের লিফলেট ও বই পুলিশের কাছে জমা দেন তারা।
আত্মসমর্পণকারীরা হলেন- যশোর শহরতলীর খোলাডাঙ্গা কদমতলা এলাকার মৃত শফিয়ার রহমানের ছেলে সাদ্দাম ইয়াসের সজল (২৫), একই এলাকার ইকরামুল সারাফাতের ছেলে মেহেদী হাসান ওরফে পাশা (২০) ও ধর্মতলা মোড় এলাকার আব্দুস সালামের ছেলে রায়হান আহম্মেদ (২০)।
যশোরের পুলিশ সুপার আনিছুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, আত্মসমর্পণকারীদের মধ্যে সাদ্দাম ইয়াসের হিজবুত তাহরীরের মোর্শেব পদে এবং রায়হান ও মেহেদী একই সংগঠনের সাব্বাব পদে রয়েছে।