
ঢাকা: রাজধানীর মিরপুর-১০ সেনপাড়ার একটি বহুতল ভবনের নিচতলায় কার্পেটের দোকানে লাগা আগুনে মো. মামুন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মামুন ওই ভবনেরই ৪ তলায় অবস্থিত একটি রিয়েলস্টেট কোম্পানিতে চাকরি করতেন।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নিজামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় মামুন নামে ওই যুবক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
এর আগে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর ১০ নম্বরের আনোয়ারা হাসপাতালের বিপরিত পাশের একটি বহুতল ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।