নারায়ণগঞ্জ: জঙ্গি আস্তানায় পুলিশের গুলিতেই তিন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
শনিবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান আইজিপি।
এ কে এম শহীদুল হক বলেন, “নতুন জেএমবির সামরিক শাখার নেতৃত্ব দিচ্ছিলেন তামিম চৌধুরী। তিনি গুলশান, শোলাকিয়া হামলায় জড়িত ছিলেন। গত ২ আগস্ট তাকে গ্রেফতারে সহায়তায় ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।”
আইজিপি বলেন, “পুলিশের কাছে তামিমের যে ছবি ছিল, সে ছবির সঙ্গে নিহত তিন জঙ্গির একজনের চেহারার মিল রয়েছে। তাই পুলিশ মনে করছে, নিহত ওই ব্যক্তি তামিম চৌধুরী।”
তিনি বলেন, “অভিযানের সময় জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু জঙ্গিরা সেটি না করে, চার থেকে পাঁচটি গ্রেনেড ছুড়ে মারে। তখন পুলিশ পাল্টা আক্রমণ করে। এক পর্যায়ে পুলিশের গুলিতে তিন জঙ্গি নিহত হয়।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি জানান, পুলিশের গুলিতেই তিন জঙ্গি নিহত হয়। ওই আস্তানা থেকে কাউকে আটক করা যায়নি। তিন জঙ্গি নিহত হওয়ার পর আস্তানা থেকে একটি একেএম ২২ বন্দুক ও দুটি পিস্তল উদ্ধার করা হয়।