সিসি নিউজ: বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বাংলাদেশকে শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে যুক্তরাষ্ট্র এক সঙ্গে কাজ করতে চায় বলেও জানান তিনি।
সোমবার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনে গিয়ে দর্শনার্থী বইয়ে জন কেরি এ মন্তব্য লেখেন।
এক দিনের বাংলাদেশ সফরে এসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আজ বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘরে যান। সেখানে পৌঁছে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন।
জন কেরিকে জাদুঘরে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও বঙ্গবন্ধুর নাতি রেদওয়ান মুজিব সিদ্দিক। প্রায় ৪০ মিনিট জন কেরি সেখানে অবস্থান করে জাদুঘর ঘুরে দেখেন। এ সময় দর্শনার্থী বইয়ে স্বাক্ষরও করেন তিনি। সেখানে বঙ্গবন্ধু ও তাঁর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে কিছু কথাও লেখেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
দর্শনার্থী বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে জন কেরি লেখেন, ‘একটি সহিংস ও কাপুরুষোচিত ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছ থেকে সাহসী ও উজ্জ্বল এক নেতৃত্বকে কেড়ে নেয়া হয়। কিন্তু এখন বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের পথে তারই কন্যা শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বন্ধু হতে পেরে গর্বিত এবং তার সেই স্বপ্ন পূরণে দৃঢ় সমর্থক। আমরা শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে এক সঙ্গে কাজ করতে চাই।’