রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে মাদকসম্রাট ও একাধিক মাদক মামলার আসামী লেবু মিয়া (৪৫) কে রোববার সন্ধ্যায় উপজেলা সদর থেকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। মাদকসম্রাটের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে স্বস্তি নেমে এসেছে। সোমবার দুপুরে পুলিশ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত মাদকসম্রাটকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ আগস্ট উপজেলার ছিনাই ইউপির জয়কুমর আবাসন এলাকা থেকে ৪২০ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ওই এলাকার নওয়াব আলীর পুত্র হাইদুর রহমান (৪৫) কে আটক করা হয়। তাকে পুলিশি রিমান্ডে জিজ্ঞাসাবাদে রাজারহাট উপজেলার মাদকসম্রাট হিসেবে পরিচিত সদর ইউপির মেকুরটারী এলাকার মৃত জসিমুদ্দিনের পুত্র লেবু মিয়া (৪৫) এর সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে ওই দুটি মামলায় রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ। রাজারহাট থানায় যাহার মামলা নং-১০ ও ১১, তাং-২১-০৮-১৬ ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মো. আজিম উদ্দিন বলেন, মামলা দায়েরের পর থেকে মাদকসম্রাট লেবু পলাতক ছিল।
রাজারহাটে জঙ্গিবাদ বিরোধী র্যালি
কুড়িগ্রামের রাজারহাটে ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার আয়োজনে জঙ্গিবাদ বিরোধী র্যালি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি জঙ্গি বিরোধী র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে এসে মানববন্ধন পূর্বক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. আবু তালেব, রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন সরকার, শিক্ষক আবু সাদেক, ডা. আব্দুল মালেক, বেলায়েত হোসেন, আব্দুল হাকিম, ইমরান সিদ্দিকী, শাহজাহান, শিক্ষার্থী আল-ইমরান প্রমূখ।