ঝিনাইদহ প্রতিনিধি: ফেসবুক ও বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর আর্থিক অনুদান পেলেন ৭০ বছরের বৃদ্ধ মসলেম শাহ। বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় সমাজকল্যান পরিষদের আর্থিক অনুদান বিতরণ করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। তিনি দিনমজুর মসলেম উদ্দীনের হাতে দশ হাজার টাকা তুলে দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু ইউসুফ মোঃ রেজাউর রহমান, ঝিনাইদহ সমাজসেবার উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন, সমাজসেবার সহকারী পরিচালক আব্দুল লতিফ শেখ, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৩৭ জনের মধ্যে নগদ দুই লাখ ৮৪ হাজার টাকা বিতরণ করা হয়।
টাকা পেয়ে দিনমজুর মসলেম শাহ বলেন, আমার মতো হতদরিদ্র মানুষের জন্য যে এতো কিছু করা হবে তা আমার জানা ছিল না। তিনি বলেন জেলা প্রশাসক সাহেব আমাকে পেয়ে কাছে ডেকে নেন। এ সময় আমি আর আবেগ ধরে রাখতে পারিনি।
সমাজসেবার কর্মকর্তাদের ভালবাসায় আমি মুগ্ধ হয়েছি। টাকা দিয়ে তিনি ঘরের বেড়া দিবেন বলে জানান।
উল্লেখ্য, ফেসবুক ও পত্রপত্রিকায় দিনমজুর মসেলম উদ্দীনের খোয়া ভাঙ্গা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হলে সরকারী উর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকেই তার প্রতি সহানুভুতি প্রকাশ করেন।
বিএনপি’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ঝিনাইদহে বিএনপি’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৭টায় ঝিনাইদহ জেলা বিএনপি’র কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সকাল ১১টায় স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি মোঃ মসিউর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপি নেতা এস.এম. মশিয়ুর রহমান, আব্দুল মতলেব মিয়া, জাহিদুজ্জামান মনা, জাহিদুল ইসলাম, হরিণাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান, এ্যাড.এম.এ.মজিদ, মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.আব্দুল আলিম, সাজেদুর রহমান পপপু, আশরাফুল ইসলাম পিন্টু, আরিফুল ইসলাম আনন প্রমুখ।
প্রধান অতিথি মসিউর রহমান বলেন, প্রতিষ্ঠার পর এই ৩৮ বছরে বিএনপি দেশের মানুষের আশা-আকাঙ্খার প্রতিক হওয়ার কারনেই বর্তমান সরকার বিএনপিকে নির্মুল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তার পরিবারের সদস্যদের মানুষের মন থেকে মুছে ফেলার চেষ্টা করছে। তিনি বলেন স্বৈরাচার এরশাদ চট্টগ্রামে আওয়ামীলীগের জনসভায় গুলি চালিয়ে ২৪ জনকে হত্যা করলেও সরকার প্রধান তার বিরুদ্ধে কথা বলেন না।
এরশাদ তার কাছে ভাল মানুষ। মইনুল-ফকরুদ্দীনের অবৈধ শাসনামলে হাসিনাকে ৯ মাস জেলে রাখলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তিনি বলেন দেশে আজ গণতন্ত্র নেই বলেই ঝিনাইদহ প্রশাসন র্যালি করার অনুমতি দেয়নি।
ঝিনাইদহে নগদ টাকা ও স্বর্ণালঙ্করসহ ৮ লাখ টাকার মালমাল চুরি
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কলেজপাড়ায় প্রল্লাদ মন্ডলের বাসা বাড়ি থেকে নগত ৩ লাখ টাকা, ১০ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ব্যবসা প্রতিষ্ঠানের চাবিসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোরের দিকে কালীগঞ্জ উপজেলার পৌরসভাধীন কলেজ পাড়া এলাকার প্রল্লাদ মন্ডলের বাড়িতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। প্রল্লাদ মৃত পরিতষ মন্ডলের ছেলে।
প্রল্লাদ মন্ডল জানান, বৃহস্পতিবার ভোরের দিকে দুর্বৃত্তরা বাড়ির পিছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা আলমারিতে রাখা ব্যবসার নগত ৩ লাখ টাকা, স্ত্রী ও মায়ের ব্যবহৃত ১০ ভরি সোনার গহনা, মোবাইল ফোন ও ব্যবসা প্রতিষ্ঠানের চাবি নিয়ে যায়।
এ ঘটনায় তিনি সর্বশান্ত হয়ে গেছেন বলে জানান। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ব্যপারে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহে মাসব্যাপী পুলিশ অভিযানে ১১১৫ গ্রেফতার
জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে ঝিনাইদহে মাসব্যাপী বিশেষ অভিযানে ১১১৫ গ্রেফতার হয়েছে। নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান যোগদানের পর গত পহেলা আগষ্ট থেকে ৩১ আগষ্ট পর্যন্ত জেলব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও গ্রেফতারী পরোয়ানা সংক্রান্ত মোট ১১১৫ জন আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এর মধ্য নিয়মিত মামলায় গ্রেফতার করা হয় ২৬৭ জন আসামী। যার মধ্যে রয়েছে ১০০ জন জামায়াত-শিবিরের সক্রিয় কর্মী। যাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী মামলা রয়েছে।
এছাড়া অভিযানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ১৮ জন আসামীসহ মোট ৮৪৮ জন পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার করা হয়। অভিযানে ৩৯৫ বোতল ফেন্সিডিল, ০২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ১৬টি গাঁজার গাছ, ৩৪৮ পিচ ইয়াবা, ৬০ কেজি ৭০০ গ্রাম দেশীয় মদ, ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ ৫৫ টি মামলা রুজু ও ৫৭ জন আসামী গ্রেফতার করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধারেও গঠন করা হয় বিশেষ টিম।
পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক গঠিত টিম দিন ও রাতে অভিযান পরিচালনা করে ১টি পাইপগান, ২টি শাটারগান, ১টি শুটারগান, ১০ রাউন্ড গুলি, ৮টি রামদা, ২টি হাসুয়া, ৮টি বোমা, ১টি কুড়াল ও ১টি করাত উদ্ধার করে।
এ সংক্রান্তে ৪টি মামলা রুজু এবং ০৬ জন আসামীকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহ জেলায় অবৈধ ও রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল আটকে মাসব্যাপী অভিযান পরিচালিত হয়।
অভিযানে এ সংক্রান্তে ১৬৩৩টি মামলা করা হয় এবং ১৮৫ টি রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল জব্দ করা হয়।