সিসি নিউজ: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার সকাল ১১টার দিকে শহরের পৌর সুপার মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে ওই সমাবেশ করেন নেতা কর্মীরা।
সমাবেশে সদর উপজেলা বিএনপি’র সভাপতি মীর সেলিম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রনজু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আল মাসুদ ও জেলা ছাত্রদলের আহবায়ক মোর্শেদ আযম বক্তব্য দেন।
মহান স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গণের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার ও জাতীয় জাদুঘর থেকে সরানোর তীব্র নিন্দা জানান বক্তারা। তারা উল্লেখ করেন, জিয়াউর রহমান নাম মুছে ফেলার চেষ্টা করা হলেও জনগণের হৃদয় থেকে তাকে সরানো যাবে না।
সমাবেশের আগে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলেও পুলিশি বাঁধায় মিছিল বের করতে পারেনি।