ঢাকা: বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার সামনে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করছে শ্রমিকরা। মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়া ইউনিয়নের দোসাইদ এলাকার রক নীট ওয়্যার লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।
শ্রমিকদের কাছ থেকে জানা যায়, রক নীট ওয়্যার গার্মেন্টস এর তিন শতাধিক শ্রমিক গত ১০ সেপ্টেম্বর তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কারখানার ভিতরে বিক্ষোভ মিছিল করে। পরে মালিক পক্ষ শ্রমিকদের এক মাসের বেতন দিয়ে ওই দিন কারখানা ছুটি ঘোষণা করে ২০ সেপ্টেম্বর কারখানা খুলে দেয়ার কথা বলে।
কিন্তু শ্রমিকরা ঈদের ছুটি শেষে আজ সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে কারখানার সামনে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ দেখতে পায়। পরে শ্রমিকরা ভিতরে প্রবেশ করতে না পারায় প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে কারখানার সামনে অবস্থান নেয়।
এ বিষয়ে রক নীট ওয়্যার গার্মেন্টসের মালিক সামছুল হক জানায়, ‘আমার সামর্থ্য নেই আর গার্মেন্টস খোলার। শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস দিতে পারবো না। আমার কাছে কোনো টাকা পয়সা নেই।’ এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।