হিলি প্রতিনিধি: হিলি সীমান্তে চোলাচালান ও অপরাধীদের প্রতিরোধে বিজিবি ও বিএসএফের মধ্যে দুইদিনের যৌথ অনুশীলন শেষ হয়েছে। আজ যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এর সমাপ্তি ঘোষনা করেন এই দুই বাহিনীর সেক্টর কমান্ডাররা। গতকাল “হিলি এক্সপ্রেস” নামে যৌথ অনুশীলন শুরু করে তারা।
দুপুরে বিজিবির হিলি সিপি ক্যাম্প চত্বরে আয়োজিত এই যৌথ সংবাদ সম্মেলনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল জাকির হোসেন জানান, এই ধরণের অনুশীলন উভয় দেশের সীমান্ত পরিচালনার ক্ষেত্রে বিজিবি ও বিএসএফের মধ্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি সহ সীমান্ত ব্যবস্থাপনা আরও উন্নত ও গতিশীল হবে। এর আগে সুন্দরবন এলাকায় এই ধরণের অনুশীলন করা হলেও এখানে এই প্রথম। এরফলে সীমান্তে অপরাধ ও প্রাণহানি কমে আসবে। এরপর তিনি দুইদিনের যৌথ অনুশীলনের সমাপ্তি ঘোষনা করেন।
এর আগে সকালে সীমান্তের বিভিন্ন স্থানে যৌথ অনুশীলনের মাধ্যমে সন্ত্রাসী আটক, মাদক ও ট্রেন তল্লাশী সহ পতাকা বৈঠকে অংশ নেয় বিজিবি ও বিএসএফ সদস্যরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভারতের রায়গঞ্জ বিএসএফের সেক্টর কমান্ডার জর্জ মানজুরান, জয়পুরহাট- ২০ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান সহ উভয় বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা।