• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন |

জাতীয় ক্রিকেট দলকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অভিনন্দন

রাষ্ট্রপতিসিসি নিউজ : আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি শততম ওয়ানডে জয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কর্মকর্তা-কমচারি ও কলা-কুশলীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাতে আলাদা আলাদা বার্তায় এ অভিনন্দন জানানো হয়েছে। এক বার্তায় বিজয়ের জন্য ক্রিকেট দলের সকল সদস্য, কোচ এবং অন্যান্যদের ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট দল আগামী বিশ্বকাপেও বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রিকেট ইতিহাসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওডিআই) শততম জয়ের অংশীদার হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা আফগানিস্তানকে হারিয়ে ওয়ানডে ক্রিকেটে শততম জয় পাওয়ায় জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দলের এ জয়ের ধারা অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে রবিবার রাতে আফগানিস্তানকে ১৪১ রানে হারিয়ে সিরিজ জয় করে টাইগাররা। তামিম ইকবালের সেঞ্চুরি এবং মোশারফ হোসেন রুবেলের ৩ উইকেট শিকারের সুবাদে সিরিজে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়লাভ করে। আফগানিস্তানের বিরুদ্ধে ১৪১ রানের এ জয়ের সুবাদে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচ জয় করে এবং নিজ মাঠে এটি ছিলো স্বাগতিকদের একনাগাড়ে ষষ্ঠ ওয়ানডে সিরিজ জয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ