সিসি ডেস্ক: রাঙামাটি শহরের সরকারি মহিলা কলেজ সড়কে একটি তিনতলা ভবন কাপ্তাই হ্রদে ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। এখনো উদ্ধার তৎপরতা চলছে বলে জানা গেছে।
নিহতরা হলেন- মো. জাহিদ ড্রাইভার (৪০) ও তার মেয়ে পিংকি আক্তার (১৩), উম্মে হাবিবা (২২), সাজেদুল (৪), সামাদুল (৭) এবং সাজিল (৬)।
পুলিশ জানায়, জনৈক তৈয়ব কন্ট্রাক্টরের মালিকানাধীন দুই তলা পাকা ভবনটির নিচের মাটি সরে গিয়ে ভবনের পেছনের অংশ কাপ্তাই হ্রদে হেলে পড়ে। এতে ভবনের নীচের তলা পুরোটাই পানিতে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে টিনের ছাদ দেয়া ভবনটি পানিতে হেলে যেতে দেখা যায়। ভবনটি হেলে যাওয়ার পরপর দু-তিনজন বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে এখনো কেউ ভবনের ভেতর আটকে আছেন কিনা জানা যায়নি।
জেলা প্রশাসক মানজারুল মান্নান, পুলিশ সুপার হাসান তারিকুল হাসান, রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল শামসসহ বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, কাপ্তাই লেক দখল করে পানির ওপর তিন তলাবিশিষ্ট পাকা বাড়িটি নির্মাণ করেন স্থানীয় ঠিকাদার তৈয়ব। এরপর একাধিক পরিবারকে ভাড়া দেন বাড়িটি। বর্তমানে বাড়ির দ্বিতীয় এবং তৃতীয় তলায় একাধিক পরিবার বসবাস করছে।