সিসি নিউজ: রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় অর্থের জোগানদাতাদের চিহ্নিত করা গেছে। মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমনটিই দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
সাংবাদিকের প্রশ্নের জবাবে মনিরুল বলেন, হলি আর্টিজানে জঙ্গি হামলার অর্থের জোগানদাতাদের চিহ্নিত করা গেছে। রোকনউদ্দিন খন্দকার নামে সিরিয়ায় পাড়ি জমানো এক চিকিৎসক জঙ্গি সংগঠনটিকে (নব্য জেএমবি) বিপুল অর্থ দান করে গেছেন। পুলিশি অভিযানে নিহত মেজর (অব.) জাহিদুল ইসলাম তার অবসর সুবিধাসহ অন্যান্য অর্থ সংগঠনে দিয়েছেন। নিহত আরেক জঙ্গি তানভীর কাদেরী তার ফ্ল্যাট বিক্রিসহ সঞ্চিত অর্থ সংগঠনকে দিয়েছেন।
তিনি আরো বলেন, বিদেশে থাকা কোনো কোনো সদস্যের কাছ থেকেও অর্থ এসেছে। এছাড়া আরো অর্থদাতা থাকতে পারেন। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
অর্থের কোনো জোগানদাতা ভারতে আছেন কি না- এমন প্রশ্নের উত্তরে মনিরুল বলেন, তদন্ত চলছে। তদন্তে যা পাওয়া গেছে, তা জানানো হয়েছে। ভবিষ্যতে আরো কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।
উল্লেখ্য, গত ১ জুলাই রাতে হলি আর্টিজানে হামলা চালায় একদল জঙ্গি। ওই হামলায় পাঁচ জঙ্গিসহ অন্তত ২৯জন নিহত হয়।