নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে পরিবহন ত্রুটির কারনে ব্রয়লার মুরগীর ৬ হাজার বাচ্চা মারা গেছে। যার বাজার মূল্য অন্তত সাড়ে তিন লক্ষ টাকা। এ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে জেলার ডোমার উপজেলায়।
জানা যায়, ঢাকার আফিল এগ্রো লিমিটেডের ১ দিন বয়সী ব্রয়লার মুরগীর ৬ হাজার বাচ্চা ডোমার উপজেলার ছোট রাউতা বক্করের মোড় এলাকার আপন পোলট্টি ফিড নামের একটি প্রতিষ্ঠানে আসছিল। আজ বুধবার সকালে নাদের এন্টারপ্রাইজ নামের একটি দিবাকালীন কোচে এ বাচ্চা পরিবহন করা হচ্ছিল। গাড়ীটি বিকাল ৫ টার মধ্যে ডোমারে পৌছার কথা থাকলেও রাত সাড়ে ৮ টার দিকে ডোমারে পৌছে। গাড়ীটি দেরীতে পৌছানো ও গাড়ীর ভিতরের যাত্রীচাপ বেশী থাকায় অত্যাধিক গরমের কারনে সবগুলি বাচ্চা মারা যায়। এতে ওই ব্যাবসায়ীর অন্তত সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আফিল এগ্রো’র আরএসএম নাজমূল কায়েস জানান অত্যাধিক গরমের কারনে বাচ্চাগুলো মারা গেছে। এ ব্যাপারে নাদের এন্টার প্রাইজ কতৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য জানা যায় নি।