ফেনী: সদরের ধর্মপুর ইউপিতে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার রাত পৌনে ১১টার দিকে জোয়ারকাছাড় ভোটকেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে আটজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় দুটি প্রাইভেট কারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এমন দাবি করেছে প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যার প্রার্থীর।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চতকরে জানান, কতজন আহত হয়েছেন তিনি নিশ্চিত নন। তবে তিনি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। ধর্মপুর ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজাহারুল হক আরজু অভিযোগ করেন, ঘটনার সময় প্রতিপক্ষের বহিরাগত লোকজন অতর্কিতে তার কর্মীদের ওপর গুলি চালায়। এতে তার তিন কর্মী গুলিবিদ্ধ হয়।
অপরদিকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী শাহাদাৎ হোসেন সাকা অভিযোগ অস্বীকার করে বিপরীতে তার দলের ওপর হামলার অভিযোগ করেন। তিনি বলেন, অতর্কিত হামলায় তার পাঁচ-ছয় জন সদস্য গুলিবিদ্ধ হয়েছে। শাটার গান দিয়ে এসব গুলি ছোড়া হয়। দুটি ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
সাধারণ ভোটারদের অভিযোগ জানান, বহিরাগতরা দলীয় প্রার্থীর সমর্থনে কেন্দ্রসহ আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে। এতে সাধারণ ভোটারদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে।