রংপুর: রংপুরে নর্দার্ন নার্সিং ইনস্টিটিউটের ধর্ষণকারীকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাধারণ শিক্ষার্থী ও নাগরিকবৃন্দের ব্যানারে বুধবার দুপুর ১টায় রংপুর প্রেসক্লাবের সামনে দেড় ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়।
জাগো রংপুর-এর আহ্বায়ক সহকারী অধ্যাপক ডা. সৈয়দ মামুনুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ-এর জেলা সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুস, প্রগতিশীল শিক্ষক ফোরামের জেলা আহ্বায়ক, বেরোবি’র বাংলা বিভাগের শিক্ষক ড. রিষিণ পরিমল, বাসদ-নেতা মমিনুল ইসলাম, রংপুর বিভাগ উন্নয়ন পরিষদের আহ্বায়ক, বিশিষ্ট সাংবাদিক আব্দুল ওয়াদুদ আলী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মহানগর-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সংগঠক ও উন্নয়ন-কর্মী তানবীর হোসেন আশরাফী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সংগঠক গোলাপী বেগম, ছাত্র ফ্রন্টের নেতা যুগেশ ত্রিপুরা, মৌসুমী আক্তার মৌ, ছাত্র ফেডারেশনের নেতা প্রত্যয়ী মিজান, জাসদ ছাত্র লীগের নেতা ওসমান আলী, রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী আরিফ, আহাদ, রংপুর সরকারী কলেজের শিক্ষার্থী নিশাত প্রমুখ।
উল্লেখ্য রংপুরের নর্দার্ন নার্সিং ইনস্টিটিউটের দুই ছাত্রী গত ২৭ অক্টোবর স্থানীয় মেরাজ ছাত্রাবাসে পড়াশুনা-বিষয়ক নোট আনতে গেলে তাদেরই প্রতিষ্ঠানের দুই বড় ভাই-শিক্ষার্থী, স্থানীয় তিনজন বখাটেসহ তাদেরকে ঐ ছাত্রাবাসের কক্ষে আটকে রেখে সারা রাত ধরে ধর্ষণ করে। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
উক্ত ঘটনাটি নর্দার্ন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষকে জানানো হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। প্রথমে ভয়ে ঐ দুই ছাত্রী থানায় না জানালেও পরে আত্মীয়-স্বজনের সহযোগিতায় রংপুর কোতয়ালী থানায় ধর্ষণকারী আলমগীর, পলাশ, শাকিল, মানিক ও শাহ আলমের বিরুদ্ধে মামলা করে।