ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি কামারপাড়া এলাকার শত বছরের পুরনো রাধাকৃষ্ণ মন্দিরে চুরি হয়েছে। এতে মন্দিরে রক্ষিত অনেক মূল্যবান জিনিসপত্র চুরি হয়। বৃহস্পতিবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।
মন্দিরের দায়িত্বে থাকা পুরোহিত উপেন্দ্রনাথ কর্মকার ও হিরম্ব নাথ কর্মকার জানান, প্রতি দিনের ন্যায় মন্দিরের কাজ শেষে পূজারী প্রিয়নাথ কর্মকার সন্ধ্যায় মন্দিরের দরজায় তালা দিয়ে চলে যান। শুক্রবার সকালের দিকে পূজারী প্রিয়নাথ কর্মকার মন্দিরে এসে দেখে দরজার তালা খোলা। মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখে যে মন্দিরে রক্ষিত পিতলের তৈরীকৃত রাধা কৃষ্ণের দুইটি প্রতিমা, প্রতিমার গায়ে থাকা দুই ভরি স্বর্ণের অলংকার, দুই ভরি রুপার অলংকার, জীবিত শালগম শিলাপাথ প্রায় এক কেজি, কষ্টিপাথর দুইটি, শংখ একটি, কাসার ঘন্টা একটি, ধর্মগ্রন্থ বই পাঁচটি চুরি হয়ে গেছে।
এব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ রাজিউর রহমান রাজু ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, দ্রুত মন্দিরে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করে চোরদের গ্রেফতার করা হবে।
মন্দিরে চুরির খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ মন্দির প্রাঙ্গনে ভীর জমায়। এলাকাবাসী মন্দিরের খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধার ও চোরদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী করেছেন।