কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের রাসায়নিক পদার্থ নিক্ষেপে এক বৃদ্ধের গাল ও পিঠ ঝলসে যাওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় বৃদ্ধকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত বুধবার রাত ৮টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চরধাউরারকুটি গ্রামের জাফর আলী (৫৫) তার ধান ক্ষেতে ধান দেখেতে গলে ৫/৬ জনের একটি দল তাকে আটকিয়ে মাথায়, গালে ও পিঠে ব্যাটারির এসিড জাতীয় রাসায়নিক পদার্থ ঢেলে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে প্রথমে ভুরুঙ্গামারী হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
এব্যাপারে প্রতিপক্ষ আব্দুল হক, খালেক ও আজিজুলকে আসামী করে ভুরুঙ্গামারী থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। অন্যদিকে এঘটনার পরপরই ঐরাতেই প্রতিপক্ষ আব্দুল হকের বাড়িতে রহস্যজন্ক অগ্নিকান্ড ঘটে।
এব্যাপারে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রবিউল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা স্থলে তদন্ত করছেন বলে জানান। তিনি বলেন, ব্যাটারির এসিড জাতীয় কোন রাসায়নিক পদার্থ তার শরীরে ঢেলে দেয়া হয়েছে, যার বোতল ও উদ্ধার করেছেন তারা। তবে মেডিকেল রিপোর্ট পেলে এর সত্যতা নিশ্চিত হওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।