বিশেষ প্রতিনিধি: দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে ৩টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে একটি এবং ও সাধারণ সদস্যের দু’টি রয়েছে। চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী’র মধ্যে স্বতন্ত্র প্রার্থী বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকাররম হোসেন মোকা’র মনোনয়নপত্রের হলফ নামায় স্বাক্ষর না থাকায় তা বাতিল হওয়ায় দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো. আজিজুল ইমাম চৌধুরী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। তবে মোকাররম হোসেন মোকা আপিল করার সম্ভাবনা রয়েছে।
চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীর মধ্যে একটি বাতিল, সংরক্ষিত মহিলা সদস্যের ৫টি ওয়ার্ডে ১৬ জনের মধ্যে সব কয়টি বৈধ ও সাধারণ সদস্যের ১৫টি ওয়ার্ডে ৫১ জন প্রার্থী’র দু’টি বাতিল এবং ৪৯টি বৈধ মনোনয়নপত্র বলে আজ রোববার জানিয়েছে দিনাজপুর জেলা প্রশাসক মো. মীর খায়রুল আলম। মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন আজ রোববার তা ঘোষণা দেয়া হয়।
১১ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১২ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলার ১৩টি উপজেলা, ৯টি পৌরসভা ও ১০২টি ইউনিয়নে মোট ভোটার ১ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ১২৬ জন এবং মহিলা ভোটার ৩৪৫ জন। ১৫টি ওয়ার্ডে ১৫টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।