• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন |

দিনাজপুরে উৎসবমূখর পরিবেশে বিনামূল্যের বই বিতরণ

মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুরে উৎসবমূখর পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সরকারী বিনামূল্যের বই বিতরণ করা হয়েছে। জেলার ১৩ উপজেলার সাড়ে ৩ হাজারের অধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় সাড়ে ৮ লাখ শিক্ষার্থীর মাঝে ৬৭ লাখ ৪৮ হাজার ৮৬৫টি নতুন বই বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (১ জানুয়ারী) জেলা শহরসহ ১৩ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন। শিক্ষার্থীরা বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে আনন্দচিত্তে বাড়ী ফিরেছে।
দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: ১ জানুয়ারী রোববার সকালে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উপলক্ষে বছরের প্রথম দিনে বই উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র শেখর ভট্টচার্য। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ছাত্রীদের হাতে বই তুলে দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (চঃদাঃ) বাসুদেব রায় চৌধুরী ও সহকারী প্রধান শিক্ষক (চঃদাঃ) মিসেস লায়লা হাসিনা বানু। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বছরের শুরুর দিনে সকালে নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে উঠেছিল বিদ্যালয়ের ছাত্রীরা।
দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় (বাংলা স্কুল): রোববার ১ জানুয়ারী সকালে দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলে (বাংলা স্কুল) নতুন বছরের বিনামূল্যের সরকারী বই বিতরণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে স্কুলের প্রধান শিক্ষক মো. সমসের আলী, সহকারী প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভালভাবে পড়ালেখা করে মানুষের মত মানুষ হবে। পিতা-মাতার মূখ উজ্জল করবে। পাশাপাশি বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। পরে প্রধান অতিথি পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বছরের নতুন বই তুলে দিয়ে বই বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে তিনি আরো কয়েকটি বিদ্যালয়ে বই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।
চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়: চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে রোববার সকালে বই বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. আলহাজ্ব মো. মোফাজ্জল হোসেন দুলাল’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আউলিয়াপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রবিউল আলম, দিনাজপুর চেম্বারের সাবেকস সভাপতি মো. মোছাদ্দেক হোসেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. জাকারিয়া, সাধারণ সম্পাদক এ্যাড. মো. জাকির হোসেন প্রমূখ। আলোচনা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।
এছাড়া দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর উচ্চ বিদ্যালয় (হাই মাদ্রাসা), মহারাজা উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, তফি উদ্দীন মেমোরিয়াল স্কুল, চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ, চাউলিয়াপট্টি আদর্শ উচ্চ বিদ্যালয়, সাদ্বেশরী বালিকা উচ্চ বিদ্যালয়, ইককাল উচ্চ বিদ্যালয়, কেবিএম কলেজিয়েট স্কুল, সিদকারগঞ্জ বালিকা বিদ্যালয়, নুরজাহান কামিল মাদ্রাসা, সানাপীর দাখিল মাদ্রাসা, পুলহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারী বিনামূল্যের নতুন বই বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, জেলার ১৩ উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ৬৭ লাখ ৪৮ হাজার ৮৬৫টি বই বিতরণের উদ্যোগ নেয় জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, জেলার ১০৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির প্রায় ৪ লাখ শিক্ষার্থীর জন্য ৩২ লাখ ৮০ হাজার ৫২০টি বই, এসএসসি ভোকেশনাল ৮১ হাজার ১২০টি, ইবতেদায়ী মাদরাসায় ৩ লাখ ৭৬ হাজার ৮৬২টি এবং দাখিল মাদরাসায় ৮ লাখ ৯২ হাজার ৪২৫টি ও দাখিল ভোকেশনালের জন্য ৪ হাজার ৯৫০টি বই বিতরণ করা হয়েছে।
অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলার ১৩ উপজেলার ২৪৭২টি বিভিন্ন সরকারী-বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪ লাখ ৫০ হাজার ৮২৬ জন শিক্ষার্থীর জন্য ২১ লাখ ১২ হাজার ৮৮৮টি বই বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ