রংপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের স্থান নেই। মানুষ মেরে কেউ বেহেশতে যাবে না। তাই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে রুখে দেয়ার আহবান জানান তিনি।
বুধবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একশ কোটি টাকা ব্যয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এবং ছাত্রীদের আবাসনের জন্য শেখ হাসিনা হলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই আমাদের ছেলে মেয়েরা লেখা-পড়া করে মানুষের মতো মানুষ হবে। আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। তাই তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তবে জঙ্গিবাদ থেকে মুক্ত থাকতে হবে। কারণ জঙ্গিবাদ ও সন্ত্রাস মানুষের শান্তি নষ্ট করে, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে।
উদ্বোধন উপলক্ষে ক্যাম্পাসের স্বাধীনতা স্মারক প্রাঙ্গনে ভিভিআইপি মঞ্চ তৈরি করা হয়। নিরাপত্তায় নেয়া নিচ্ছিদ্র ব্যবস্থাপনা।
উদ্বোধনের সময় গণভবনে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্রমন্ত্রী এ. এইচ. মাহমুদ আলী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, রংপুর বিভাগের সংসদ সদস্যবৃন্দ ও শিক্ষা সচিব।
অপরদিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকের পাদদেশে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী, বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, দেশকে দারিদ্রমুক্ত করতে হলে শিক্ষিত জনগোষ্ঠি উপহার দিতে হবে। এ জন্য বর্তমান সরকার প্রতিটি জেলায় সরকারি অথবা বেসরকারি উদ্যোগে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে। সব কিছুর শিখরে বাংলাদেশ আজ আন্তর্জাতিক রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রসঙ্গত, ১০ তলা বিশিষ্ট ‘ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট’ ভবন নির্মাণে ব্যয় হবে ২৬ কোটি ৮৭ লাখ টাকা। এক হাজার আসন বিশিষ্ট ১০ তলা ‘শেখ হাসিনা হল’ নির্মাণে ব্যয় হবে ৫১ কোটি ৩৫ লাখ টাকা।