গাইবান্ধা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় গ্রেফতার ছয়জনকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছে পুলিশ।
শনিবার ওই আবেদন দাখিলের পর রোববার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।
পুলিশ জানায়, সাংসদ হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার জামায়াত-শিবিরের ছয়জন নেতা-কর্মীকে শনিবার গাইবান্ধার বিচারিক হাকিম জয়নাল আবেদীনের আদালতে হাজির করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নাশকতার মামলা রয়েছে বলে পুলিশের দাবি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান শনিবার সন্ধ্যায় মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, গ্রেফতারকৃতরা জামায়াত-শিবিরের নেতা-কর্মী। সংসদ সদস্য হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাত দিনের রিমান্ড-চাওয়া হয়েছে।
ওই আদালতের দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন নিহত হন।