খেলাধুলা ডেস্ক: সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ২৮৯ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন।
আগে ব্যাট করতে নেমে শুরুতে তামিম-মাহমুদউল্লাহ ফিরে গেলেও সাকিব আল হাসান ও সৌম্য সরকারের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তাদের জুটি আসে ১২৭ রান। তবে সৌম্য সরকারের বিদায়ের পরই দ্রুতই আউট হয়ে যান সাব্বির রহমান। এমনকি বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব আল হাসানও।
এরপর এই টেস্টে অভিষেক হওয়া দুই তরুণ নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত ৫৩ রানের জুটি গড়েন। শান্ত ফিরে যাওয়ার পর দ্রুতই ফেরেন মেহেদি হাসান মিরাজ। ফলে দারুণ বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
শেষের দিকে অভিষেক হওয়া নুরুল হাসান সোহান একাই লড়াই করেছেন। শেষ পর্যন্ত বাংলাদেশের প্রথম ইনিংস থামে ২৮৯ রানে।
বাংলাদেশের আসা-যাওয়ার মধ্যে সর্বোচ্চ ৮৬ রান করেন ওপেনার সৌম্য সরকার। এছাড়া সাকিব আল হাসানের ৫৯ ও নুরুল হাসান সোহানের ৪৭ রানই উল্লেখযোগ্য। বাকিরা রানের চিত্র এমন- তামিম ইকবাল ৫, মাহমুদউল্লাহ ১৯, সাব্বির রহমান ৭, নাজমুল হোসেন শান্ত ১৮, মিরাজ ১০, তাসকিন ৮, কামরুল হাসান রাব্বী ২ ও রুবেল হোসেন ১৬ রানে অপরাজিত থাকেন।
নিউজিল্যান্ডের হয়ে বল হাতে টিম সাউদি ৫টি ও ট্রেন্ট বোল্ট ৪টি উইকেট নেন।