ঢাকা: ১৬তম আন্তর্জাতিক তৈরি পোশাক খাতে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম বা গার্মেন্টস এক্সেসরিজ এবং সুতা ও ফেব্রিক্স সহ বিভিন্ন প্যাকেজিং মেশিনারিজ পণ্যের বাণিজ্য প্রদর্শনী মেলা গ্যাপেক্সপো-২০১৭ গত বুধবার শুরু হয়েছে। যা ২১ তারিখ শনিবার পর্যন্ত চলবে।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান।
চার দিনের এই প্রদর্শনী অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ভিয়েতনাম, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, জাপান, তাইওয়ানসহ ২৪টি দেশের ৪০০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে, পোশাক সরঞ্জামাদি পন্য দেশে তৈরি করে বিদেশে রপ্তানিতে নগদ সহায়তা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে সরঞ্জাম রপ্তানির সব তথ্য সংগ্রহ করে নগদ সহায়তা দেওয়ার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে। তবে তিনি এও বলেন, ব্যবসায়ীদের এমনভাবে প্রস্তুতি নিতে হবে যাতে কোনো ধরনের সুবিধা ছাড়াই তাঁরা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারেন”