সিসি ডেস্ক: গেইম নির্মাতা জেনিম্যাক্সের প্রযুক্তি চুরির অভিযোগে ফেসবুকের অঙ্গ সংগঠন অকুলাসকে ৫০ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
২০১৪ সালে ফেসবুকের বিরুদ্ধে এই মামলা দায়ের করে জেনিম্যাক্স। তাদের দাবি, অকুলাস অন্যায়ভাবে তাদের মেধা সম্পত্তি ব্যবহার করে রিফট হেডসেটসহ অন্যান্য ভিআর সিস্টেম বানিয়েছে। আর এ মামলায় ক্ষতিপূরণ বাবদ ফেসবুকের কাছে ২০০ কোটি মার্কিন ডলার দাবি করে জেনিম্যাক্স।
চলতি বছরের ৯ জানুয়ারি এই মামলার কার্যক্রম শুরু হয়। মামলায় প্রশ্নের জবাব দিতে ১৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ডালাস ফেডারেল আদালতে হাজির হন সামাজিক মাধ্যমটির প্রধান মার্ক জাকারবার্গ।
আদালতে জেনিম্যাক্স আইনজীবী টনি সাম্মির সঙ্গে এক পর্যায়ে উত্তপ্ত বিতর্কের সময় জাকারবার্গ জানান, ফেইসবুক যখন অকুলাস-কে কেনে, তখন এই প্রযুক্তি পুরোপুরি বানানো হয়নি। জবাবে সাম্মি বলেন, “কোনো প্রযুক্তি উন্নত করলেই তা আপনার নিজের হয়ে যায় না। যদি আপনি আমার বাইক চুরি করেন, তারপর এটি রং করে এতে একটি ঘণ্টা লাগিয়ে দেন, তাহলে কি এটি আপনার বাইক হয়ে যাবে?”
নিজের চিরাচরিত টি-শার্ট আর জিনস থেকে বের হয়ে এসে স্যুট আর টাই পরে আদালতে হাজির হওয়া জাকারবার্গ এই প্রশ্নের জবাবে বলেন, “না। অকুলাস প্রযুক্তি অন্য কারো প্রযুক্তির উপর নির্ভর করে বানানো হয়েছে- এই ধারণা ভুল।”
এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অকুলাস-এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা জন কারম্যাক। এর আগে তিনি জেনিম্যাক্স-এর মধ্যেই আইডি সফটওয়্যার নামের ভিডিও গেইম প্রতিষ্ঠান পরিচালনা করতেন। প্রথম থ্রিডি ভিডিও গেইম ‘ডুম’ এবং ‘কোয়েক’-এর মাস্টারমাইন্ড হিসেবেই তিনি বেশি পরিচিত।
জরিমানার অঙ্ক শুধু ফেসবুককেই গুণতে হচ্ছে না। এই মামলায় চুক্তি ভঙ্গের দায়ে ২০ কোটি এবং কপিরাইট ভঙ্গের দায়ে পাঁচ কোটি মার্কিন ডলার পরিশোধ করবে অকুলাস। পণ্যের আসল উৎস ভুলভাবে উপস্থাপন করায় অকুলাস এবং লাকি পরিশোধ করবেন ৫ কোটি মার্কিন ডলার।
এ ছাড়া ফেসবুকের পিসি ভিআর বিগভাগের প্রধান ব্রেনডান আইরিব এই মামলায় জরিমানা দেবেন ১৫ কোটি মার্কিন ডলার। সূত্র: বিবিসি