সিসি নিউজ: দিনাজপুরের চিরিরবন্দরের দেবীগঞ্জে একটি লুব্রিকেন্ট (মবিল) রিফাইন ফ্যাক্টরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সৈয়দপুর, দিনাজপুর ও চিরিরবন্দর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে আলমগীর হোসেন (৪২) নামে এক শ্রমিক আগুনে দগ্ধ হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে বলে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে। তবে আগুন লাগার সঠিক কারন জানা যায়নি।
সূত্র মতে, ঢাকার জনৈক ব্যবসায়ী দেবীগঞ্জ বাজারের সামিউলের ওই জায়গাটি চুক্তি নিয়ে ফ্যাক্টরী গড়ে তোলে। সূত্রটি জানায়, টিন সেড দিয়ে ঘেরা ফ্যাক্টরীর অভ্যন্তরে কি হচ্ছে তা এলাকাবাসী কেউ জানেনা। শুধু জানা যায় এখানে পোড়া মবিল রিফাইন করা হয়।
ভাড়াপ্রদানকারী মিল মালিক সামিউলের সাথে কথা হলে তিনি বলেন, ইকোগ্রীন করপোরেশন সৈয়দপুরের পোপ্রাইটার মোছা: ফাতেমা বেগম ও তার স্বামী মো: ইমাম উদ্দিন ও আরেকজন অজ্ঞাত ব্যক্তি গত তিন মাস আগে মাসিক ১৫ হাজার টাকায় আমার কাছ থেকে মিলচাতাল ভাড়া নেয়। তবে তারা আমাকে জানায় এখানে বিশেষ ধরণের ফিনেশিংওয়েল তৈরীর কারখানা করা হবে।