রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠিয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজারহাট থানার এস আই মিন্টু চন্দ্র বণিক, মোস্তফা কামাল ও শামীম হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকায় পরিত্যক্ত একটি টিনশেড ঘরে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জুয়া আইনে বুধবার দুপুরে একটি মামলা রুজু করে। গ্রেপ্তারকৃতরা হল-শ্রী নারায়ণ চন্দ্র রায় (২৮), ইউনুছ আলী (৩৫), ফারুক হোসেন (২৩), রফিকুল (২২), সাইদুল (৩৫), আজিজার রহমান (৫৫)।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. মোখলেসুর রহমান বলেন, আটককৃত ৬ জুয়াড়ি বুড়িরহাট এলাকায় দীর্ঘদিন ধরে জনৈক বাবু মিয়ার পরিত্যক্ত একটি টিনশেড ঘরে জুয়া খেলে আসছিল। জুয়া ও মাদক বিরোধী থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।