সিসি নিউজ: আমাদের দেশের প্রতিটি অঞ্চলেই দেখার মতো আছে অনেক কিছু। কোথাও প্রকৃতির অপূর্ব সৌন্দর্য মুগ্ধ করে মনকে আবার কোথাও মানব সৃষ্টি হতবাক করে দেয় আমাদের। বাংলাদেশের অন্যতম সুন্দর জেলা বরিশালে দুই ধরণের সৌন্দর্যেরই দেখা পাবেন আপনি। এখানে যেমন আছে দূর্গাসাগর দিঘি, শাপলা গ্রাম তেমনি আছে অনন্য সুন্দর স্থাপনা গুঠিয়া মসজিদ।
বরিশালের উজিরপুরে চাংগুরিয়া গুঠিয়াতে এই মসজিদের অবস্থান। গুঠিয়া মসজিদ হিসেবেই বেশি পরিচিত হলেও এর প্রকৃত নাম বায়তুল আমান জামে মসজিদ। এর সাথে আছে একটি ঈদগাহ কমপ্লেক্স। অপূর্ব সুন্দর এই মসজিদটির প্রতিষ্ঠাতা ও রূপকার এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
মসজিদের স্তম্ভটি বিশ্বের বিভিন্ন পবিত্র স্থানের মাটি ও জমজমের পানি দিয়ে তৈরি করা হয়েছে। যেসব স্থান থেকে মাটি সংগৃহীত হয়েছে সেগুলো হলো কাবা শরীফ, আরাফাতের ময়দান, মুযদালিফাহ, ময়দানে মিনা, জাবালে নূর পাহাড়, জাবালে সূর পাহাড়, জাবালে রহমত পাহাড়, নবীজীর জন্মস্থান, মা হাওয়া এর কবরস্থান, মসজিদে রহমত, মসজিদ এ কু’বা, ওহুদের যুদ্ধের ময়দান, হযরত হামজা (রাঃ) এর মাজার, মসজিদে আল কিবলাতাইন, মসজিদে হযরত আবু বক্কর (রাঃ), জান্নাতুল বাকী, মসজিদে নববী, জুলহুলাইফা-মিকাত, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) এর হাতের লেখা তাবিজ ও মাজারে পাওয়া দুটি পয়সা এবং হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রহঃ) এর মাজারের মাটি।