সিসি নিউজ: সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ সৈয়দপুর পৌর শাখার সভাপতি জাওয়াদুল হক সরকার আর নেই। তিনি আজ বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তিনি দীর্ঘদিন থেকে লিউকিমিয়া নামক দূরারোগ্য ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, তিন কন্যা, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল বৃহস্পতিবার মরহুমের প্রথম জানাযা নামাজ সকাল ১১টায় সৈয়দপুর রেলওয়ে মাঠে এবং দ্বিতীয় জানাযা নামাজ উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পাঠানপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা নামাজ শেষে বাদ জোহর পাঠানপাড়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মরহুম জাওয়াদুল হক সরকারের আত্মার মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা আ’লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, সৈয়দপুর পৌর আ’লীগের সভাপতি আব্বাস আলী সরকার, সৈয়দপুর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আখতার হোসেন বাদল, সৈয়দপুর প্রেসক্লাব, সৈয়দপুর অনলাইন প্রেসক্লাব।
সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকারের মৃত্যুতে সৈয়দপুর পৌরসভা তিন দিনের কর্মসূচী ঘোষণা করেছে। পৌর মেয়র আমজাদ হোসেন সরকার সিসি নিউজকে জানান, কর্মসূচীর মধ্যে রয়েছে পৌর পরিষদের সকল সদস্য ও কর্মচারীদের কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, কুরআন খতম, মিলাদ মাহফিল ও শোক সভা।
সিসি নিউজ টোয়েন্টিফোর ডটকমের পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।