সিসি নিউজ: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শাকিল পরিবহন নামে একটি নৈশকোচের সাথে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ ৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ৮ জন। শনিবার রাত সাড়ে ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ৪১ মাইল (জুম্মারঘর) নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাকিল পরিবহন নামে নৈশকোচ নীলফামারীর জলঢাকায় যাচ্ছিল। কোচটি গোবিন্দগঞ্জ উপজেলার (জুম্মারঘর) নামক এলাকায় গেলে পাথর বোঝাই টাঙ্গাইলগামীএকটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে কোচটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলেসহ ৪জন ও গোবিন্দগঞ্জ হাসপাতালে ১জন ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। আহত হন বাসে থাকা অন্তত ৮ জন নারী-পুরুষ।
ঘটনাস্থলে নিহত ৪ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো নীলফামারী জলঢাকার ধর্মপালের আব্দুল ওহাব মন্ডল (৩৮), দিনাজপুরের খানসামা উপজেলার আশরাফুল ইসলাম (২৬) এবং গাইবান্ধা সদরের নারায়নপুর গ্রামের শাপলা বেগম (৩৪) ও তার শিশুপুত্র আলিম (৬)।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে হাইওয়ে টহল পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।