মো. হারুন-অর-রশিদ, ঢেমরা: ডেমরায় ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজমের ফেইথ কারেন্সি নট টিমের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ। সোমবার দিনগত রাত সোয়া ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার মীরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হল- কক্সবাজারের সদর থানার নূনারছরা গ্রামের আবুল বাছেরের ছেলে সাহাবুদ্দিন (২৫) ও চট্টগ্রামের পটিয়া থানার শুভনদন্ডি গ্রামের হাজী সামসুল আলমের ছেলে মো. কামাল হোসেন ওরফে তারেক (২৪)।
কাউন্টার টেরোরিজমের বরাত দিয়ে থানা পুলিশ আরও জানায়, উক্ত দুই মাদক ব্যবসায়ী টেকনাফ দিয়ে আসা ইয়াবা ডেমরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতে আসে। গ্রেফতারের পরে তাদের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে সোমবার রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডেমরা থানায় মামলা হয়েছে।
এদিকে ৭৫০ পিস ইয়াবাসহ মো. মনির হোসেন (৩২) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আধিদফতর। এ বিষয়ে মঙ্গলবার দুপুরের পরে ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এর আগে সোমবার বিকালে মনিরকে মাতুয়াইল দক্ষিণ মুসলিম নগর ইকবালের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ। সে ওই বাড়ির ভাড়াটিয়া ও মুন্সিগঞ্জের লৌহজং থানার কমলা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।