সিসি নিউজ: ঘুষের ৫লাখ টাকাসহ এক যুবককে গ্রেফতার করে পুলিশে দিয়েছেন মাগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান। বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার জেলা প্রশাসনে কয়েকটি পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা ছিল। ওই পরীক্ষার কাজ নিয়ে ব্যাস্ত থাকার সময় বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমানের কক্ষে প্রবেশ করেন তৌহিদুর রহমান নামে এক যুবক। এ সময় অর্থমন্ত্রীর এপিএস মিজানুর রহমান পরিচয় দিয়ে ০১৮৮২১২৬২৩৬ নম্বর এর একটি ফোন থেকে জেলা প্রশাসকের সরকারি মোবাইলে একটি কল আসে। ওই কল পেয়ে জেলা প্রশাসকের সন্দেহ হলে তিনি নিজের গানম্যান আকবর হোসেনকে ডেকে তৌহিদুর রহমানকে তল্লাশী করেন। এ সময় তার কাছ থেকে একটি পলিথিনের ব্যাগে নগদ ৫লাখ টাকা ও মাগুরার শ্রীপুর উপজেলার শিহাব উদ্দিন নামে এক ব্যক্তির নামে নিয়োগ পরীক্ষার একটি প্রবেশপত্র ও তিনটি মোবাইল সেট পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে রাত ৯টার দিকে ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় সদর থানা পুলিশ।
আটক তৌহিদুর রহমান ফরিদপুর জেলার মধুখালি উপজেলার কুরানিরচর এলাকার বাসিন্দা । তার বিরুদ্ধে রাতেই ঘুষ দেয়ার চেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে।